বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হয়েছিল নিম্নচাপটি। যা বুধবার দুপুর পর্যন্ত একই এলাকায় অবস্থান করেছে। কিন্তু সন্ধ্যার পর থেকে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে সেটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃহস্পতিবার রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে চরম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টিপাত হবে ২০ সেন্টিমিটারের বেশি। এদিন লাল সতর্কতা জারি থাকবে জারি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে। শুক্রবার কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়ায়। ভারী বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীরপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবারও হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া. দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কমবেশি সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সব জেলাতেই কমবেশি বজ্রপাত সহ বৃষ্টি চলবে সপ্তাহব্যাপী।