news-details
দেশ

তসলিমার আক্ষেপ, তাঁর আর জন্মভূমিতে ফেরা হলো না

এই মহুর্তে তসলিমা নাসরিন কলকাতায়। ২০ বছর পরে কলকাতায় আসতে পেরে তিনি ভীষণ খুশি। বাংলাদেশের ইসলাম মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলেই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। কার্যত তাড়া খেয়ে চলে আসতে হয়েছিল প্রতিবেশী ভারতে। এপার বাংলার তিলোত্তমা কলকাতার বুকে নিশ্চিন্তির আশ্রয় পেয়েছিলেন। কিন্তু সেখানেও থিতু হওয়া হয়নি তাঁর। কট্টরপন্থীদের আপত্তিতে এ শহর ছেড়েও চলে যেতে হয়েছিল। সেই ‘লজ্জা’ কাটিয়ে দু’দশক পর সংস্কৃতির শহরে এসেছেন তসলিমা। শনিবার, ১ আগস্ট রবীন্দ্রসদনে তাঁর অনুষ্ঠান। ঘরে ফেরা বড়ই আনন্দের লেখিকার কাছে। কিন্তু আনন্দের মাঝেও আক্ষেপ! বললেন, ”এ জন্মে আর বুঝি বাংলাদেশে ফেরা হবে না।”আজও মুসলিম ধর্মাবলম্বীরা তসলিমাকে খোলা মনে গ্রহণ করতে পারেন না। বাংলাদেশ এত বছর ধরে এত পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, তবু যেন তার হৃদয় প্রসার হয়নি এতটুকু।

খালেদা জিয়া, শেখ হাসিনা, মহম্মদ ইউনুস পেরিয়ে এখন তারেক রহমানের সরকার সেখানে। তবু উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত বিশেষ কমেনি। যতবার বাংলাদেশে কট্টরপন্থার উগ্র রূপ দেখেছেন, ততবারই দূরে বসেই প্রতিবাদে মুখর হয়েছেন ‘দ্বিখণ্ডিত’ লেখিকা।এবার স্বদেশের খুব কাছে এসেছেন তিনি। এপার বাংলা থেকে কি ওপারে যাওয়ার রাস্তা কাছে হল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে ক্ষীণ কণ্ঠে তসলিমা বললেন, ‘‘বাংলাদেশে আমার ফেরা আর সম্ভব বলে আমি মনে করি না। আমার বিশ্বাস নেই যে আমি এ জন্মে আর ওখানে যেতে পারব বলে। যদি তা হয়, সেটা অলৌকিক কিছু হবে।”

You can share this post!