অভিষেকের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ এনে চলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস বা ববি। এবার নতুন করে ৫২ বিঘা জমি নিয়ে দুর্নীতির অভিযোগ। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার মহেশতলা থানায় হাজার কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম ও সরকারি জমি দখলের অভিযোগ দায়ের করেন অভিজিৎ দাস। অভিযোগের তালিকায় রয়েছেন তৎকালীন ডিএম, এসডিও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা একাধিক ব্যক্তিও।
অভিযোগকারী বিজেপি নেতার দাবি, মহেশতলা জিনজিরা বাজার এলাকায় রাস্তার ধারে ৫২ বিঘা জমি নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগ, ওই এলাকায় একসময় প্রায় ১১টি পুকুর ছিল। সেই পুকুরগুলি ভরাট করে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। অভিজিৎ দাসের আরও দাবি, এই জমিগুলি সরকারি সম্পত্তি। তাঁর অভিযোগ, যুবক-যুবতীদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য সরকারের কাছ থেকে পি সি চন্দ্র সংস্থা ওই জমি নিয়েছিল। পরবর্তীকালে ২০১৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ওই জমি পি সি চন্দ্রের হাত থেকে সৃজন গ্রুপের কাছে চলে যায় বলে অভিযোগ বিজেপি নেতার। এরপরই রাতারাতি ওই এলাকার একাধিক পুকুর ভরাট করে সরকারি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই গোটা ঘটনায় হাজার কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন অভিজিৎ দাস।