পুজোর আগেই যুবভারতীতে নামছে ব্রাজিলের ফুল টিম
প্রায় স্বপ্ন হলেও সত্যি। ব্রাজিলের প্রথম সারির প্রায় সব খেলোয়ারই নামছেন যুবভারতীতে। জানা গিয়েছে, অক্টোবর মাস পড়তেই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সেলেকাও। সূত্রের খবর, রিজার্ভ টিম নয়, প্রথম সারির ব্রাজিল টিমই খেলবে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল কলকাতা। লা আলবিসেলেস্তের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। ১৫ বছর পর এবার কলকাতা কাঁপাবে হলুদ-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপ চলাকালীনই ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
অস্ট্রেলিয়া সফর সেরেই ভারতের সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিশ্বকাপ চলাকালীনই। যদিও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমাররা। ব্রাজিলভক্তদের মনে জমা হয় একরাশ দুঃখ। কিন্তু বিশ্বকাপ মিটতেই কলকাতার ভক্তকুলের জন্য সুখবর দিল ব্রাজিল ফুটবল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়, পুজোর আগেই কলকাতায় খেলতে নামবে ব্রাজিল।