news-details
অন্যান্য

আজকের আবহাওয়া ১০ আগস্ট ২০২৬

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া- এই জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার রাতের দেওয়া IMD-র পূর্বাভাস অনুযায়ী, ১১ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৩ অগাস্ট একই অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে বুধবার থেকেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। IMD-র পূর্বাভাস বলছে, আজ সোমবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মতো একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

You can share this post!