news-details
বিদেশ

পরিচয় মিলল না, মর্গেও জায়গা নেই—নেপালে শত শত দেহের শেষ ঠিকানা কবর

শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল

না, আর জায়গা নেই মর্গে। এদিকে দুর্গন্ধ বেরিয়ে পড়েছে সর্বত্র। দিশেহারা নেপাল সরকার। কি করবে বুঝে উঠতে পারছে না। এই পরিস্থিতিতেই রবিবার সকাল থেকে অপরিচিত মৃতদেহ কবর দিচ্ছে নেপাল প্রতিরক্ষা বাহিনী। বন্যা বিধ্বস্ত নেপালে মর্মান্তিক ছবি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৭০০ পেরিয়েছে। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা কেউই আন্দাজ করতে পারছেন না। কিন্তু বহু দেহের পরিচয় এখনও মেলেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেহগুলি রাখার জায়গা নেই। কারণ, ইতিমধ্যেই ভরে গিয়েছে মর্গগুলি। দেহগুলি পচন ধরায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই রোগ সংক্রমণের ঝুঁকি এড়াতে সেগুলিকে কবর দেওয়া হচ্ছে বলে খবর।

কর্মকর্তারা জানাচ্ছেন, কবর দেওয়ার আগে দেহগুলি ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তাঁদের শনাক্তকরণে সুবিধা হয়। জানা গিয়েছে, প্রতিটি দেহের সঙ্গে একটি অনন্য শনাক্তকরণ নম্বর যুক্ত করা হচ্ছে, যাতে ডিএনএ মিলে যাওয়ার পর স্বজনরা দেহগুলি নিয়ে যেতে পারেন। সূত্রের খবর, কবরগুলির গভীরতা ১.৫ মিটার। কবরগুলির মাঝে ৪০ সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা হয়েছে, যাতে পরে সহজে সঠিক দেহ তোলা সম্ভব হয়। এদিকে শনিবার ভারতের বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে, বিপর্যয়ের ৩দিন পেরিয়ে গেলেও এখনও নেপালে নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয়। বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিব্বত সীমান্ত দিয়ে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন ৫৯৮ জন ভারতীয়।

You can share this post!