news-details
কলকাতা

ঋতব্রত তৃণমূলের অফিসিয়াল অফিস হয়ে গেলো মেট্রোপলিটনে সেই বাড়ি

তর্ক বিতর্ক সমানে চলেছে। সংখ্যায় অনেকটা এগিয়ে ঋতব্রত তৃণমূল। কিন্তু কোন তৃণমূলের অফিস কোনটা হবে তা নিয়ে বিতর্ক সমানে চলেছে। এর মধ্যেই নতুন খবর এলো। মেট্রোপলিটনে বাড়ি ভাড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কাজ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল। তবে পালা বদলের পর দলের অন্দরে ফাটল ধরে। ভবনটি কয়েকদিন আগেই হাতছাড়া হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এবার মেট্রোপলিটনের সেই বাড়িতেই পাকাপাকি ভাবে বসার প্রস্তুতি শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘নব তৃণমূল ব্লক’।জানা যাচ্ছে, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক থেকে সদস্যরা এখন থেকে নিয়মিত মেট্রোপলিটন তৃণমূল ভবনে বসবেন।

বুধবার বিকেল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান,অরুপ বিশ্বাসরা বৈঠক করেন। সেই বৈঠকে স্থির হয়,একটি রোস্টার তৈরি করা হচ্ছে। প্রতিদিন এখানে কেউ না কেউ বসবেন। একই সঙ্গে জাতীয় কর্ম সমিতির বৈঠকের দিনক্ষণ আগামী দু দিনের মধ্যে স্থির করা হবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এবার থেকে এখানেই বসব। সবটা পরে জানানো হবে। রোস্টার অনুযায়ী এখানে বসব।”
বাইপাসের ধারে অবস্থিত মেট্রোপলিটনের এই বিশাল বাড়ি সম্পত্তির মূল্য যে অনেকটাই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একটা সময় এখানেই অখন্ড তৃণমূল বসত। হত যাবতীয় দলের কাজ। তারপর দুই তৃণমূল ভাগাভাগি। আর পার্টি অফিস নিয়েও শুরু হয় টানাটানি। কালীঘাটপন্থী তৃণমূল জুলাই মাসে মেট্রোপলিটনের বাড়ি খালি করে দেবে বলেছিল। তা ছেড়ে দিতেই এবার ঋতব্রতপন্থী তৃণমূল নতুন করে মেট্রোপলিটনের তৃণমূল ভবন দখলে নিল। জানা যাচ্ছে, বাড়ির মালিক মন্টু সাহার সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি সই করেছেন তাঁরা।

You can share this post!