ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী ও উদ্ভাবনী শক্তির অধিকারী করে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতা ক্যাম্পাসে শুরু হলো 'সামার ক্যাম্প ২০২৬'। আজ মোহনপুরের সবুজ ক্যাম্পাসে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।
উদ্ভাবনই ভারতের শক্তি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ড. সুকান্ত মজুমদার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও জ্ঞান-নির্ভর রাষ্ট্র গঠনে উদ্ভাবনই হতে হবে ভারতের মেরুদণ্ড।” শিক্ষার্থীদের গবেষণায় নিবিড় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, “আজকের এই উদ্যোগের হাত ধরেই আগামী দিনে দেশের তরুণ প্রজন্ম নতুন নতুন 'ইউনিকর্ন' (স্টার্টআপ) তৈরি করবে। উদ্ভাবনী প্রচেষ্টাই হোক তোমাদের ভবিষ্যতের পাথেয়।” উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও বিশাল জ্ঞানভাণ্ডারকে দেশের অন্যতম প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি আইআইএসআর কলকাতার এই বিশেষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
৭টি রাজ্যের শিক্ষার্থীদের মিলনমেলা
কেন্দ্রিয় বিদ্যালয় সংগঠন (KV), দিল্লি এবং সায়েন্স সিটি, কলকাতার সহযোগিতায় আয়োজিত এই সামার ক্যাম্পটি ১৫ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ২২ জুলাই পর্যন্ত। এই কর্মসূচিতে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) থেকে আগত ৫৩টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ৭০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।