এই মুহূর্তে ছবির জগতে সবচেয়ে উচ্চারিত নাম রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ'। সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ছবির বিশাল ক্যানভাস ও চোখধাঁধানো গ্রাফিক্সের প্রশংসা হলেও, শ্রীরামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে নেটপাড়ায় আলোচনা চলছে। অনেকেই ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে রণবীরের অভিনীত চরিত্রের কথা টেনে এনে এই কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এই বিতর্কের মাঝেই রণবীরের সমর্থনে এগিয়ে এলেন রামানন্দ সাগরের ঐতিহাসিক ‘রামায়ণ’ ধারাবাহিকের কালজয়ী ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া। সম্প্রতি 'হিন্দি রাশ'পডকাস্টে উপস্থিত হয়ে দীপিকা চিখলিয়া কাস্টিং সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণবীরের পক্ষ নেন। তিনি স্পষ্ট জানান, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করাই একজন অভিনেতার প্রধান কাজ এবং অতীতের কোনও চরিত্রের ভিত্তিতে একজন শিল্পীকে বিচার করা অনুচিত।
রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং নিজের প্রসঙ্গ টেনে দীপিকা হাসিমুখে বলেন, “ও তো একজন অভিনেতা। এমন তো নয় যে আমরা আকাশ থেকে নেমে এসেছিলাম!” তিনি আরও যোগ করেন, “একজন অভিনেতার জন্য নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে পারাটা অনেক বড় ব্যাপার। যে ‘বরফি’ করতে পারে, সে ‘অ্যানিম্যাল’-ও করতে পারে। আবার যে ‘অ্যানিম্যাল’ করতে পারে, সে শ্রীরামের চরিত্রেও অভিনয় করতে পারে। ভাবুন তো ওঁর ভাগ্য কতটা ভালো যে ও এমন সব চরিত্র পাচ্ছে! ও সত্যিই ভাগ্যবান এবং ও যে এই কাজটা করছে, তা ভীষণ ভালো দিক।” অন্যদিকে,নিজের কাস্টিং নিয়ে শুরু হওয়া আলোচনা ও সমালোচনা সম্পর্কে রণবীর কাপুর নিজেও যে সচেতন, তা সম্প্রতি প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে ‘সান দিয়েগো কমিক-কন’-এ ‘রিভিউ নেশন’ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, এই অমূল্য সুযোগটি পাওয়ার পর তাঁর মনেও প্রথমে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন জেগেছিল।