news-details
বিদেশ

ভাইজান কি অসুস্থ? চিন্তিত তার ভক্ত মহল



বলিউডের ‘সুলতান’ তিনি। পর্দায় তাঁর এন্ট্রি মানেই করতালির ঝড়, আর অনুগামীদের উন্মাদনা। কিন্তু সেই সলমন খানেরই সাম্প্রতিক একটি ভিডিয়ো দেখে চিন্তায় পড়েছেন অনুরাগীরা। ভাইজানের চেহারা ও শারীরিক অবস্থা দেখে রীতিমতো উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। শুক্রবার মুম্বইয়ের একটি সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা, আর সেখান থেকেই এই তরজার সূত্রপাত।
মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (এসআরএ)-র দফতরে একটি বিশেষ কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন সলমন। সেখানে সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার তথা আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন তিনি।

পাশাপাশি, বেশ কিছু উপভোক্তার হাতে নতুন বাড়ির চাবিও তুলে দেন ৬০ বছর বয়সি এই তারকা। কিন্তু সেই অনুষ্ঠানের ভিডিয়ো ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মূল আলোচনা ঘুরে যায় অন্য দিকে। উদ্বোধনের চেয়েও নেটনাগরিকদের নজর কাড়ে সলমনের বর্তমান চেহারা। ভাইজানকে দেখে ভক্তদের মন যে বেশ ভারাক্রান্ত, তা সমাজমাধ্যমের কমেন্ট সেকশনে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। একজন অনুরাগী লিখেছেন, “তাঁকে দেখে বেশ অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।” অন্য একজন আবার আক্ষেপের সুরে মন্তব্য করেছেন, “আমার হিরো এবার সত্যিই বুড়ো হয়ে যাচ্ছেন।” ভাইজানের এই রূপ মেনে নিতে না পেরে এক নেটিজেন প্রশ্ন করেছেন, “ভাইয়ের ঠিক কী হয়েছে?” উদ্বেগের সুর ধরা পড়েছে আরও এক ভক্তের কথায়, তিনি লিখেছেন, “সলমনের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু ঘটছে।” তবে বয়সকে মেনে নিয়ে এক অনুরাগী লিখেছেন, “ওঁর বয়স তো প্রায় ৬৫-র কাছাকাছি (আসলে ৬০)। এটা স্বাভাবিক। সবাই একদিন বুড়ো হয়। তবুও আমরা ভাইকে এভাবেই ভালোবাসব।”

You can share this post!