তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা মন্ত্রী ও কর্মীরা যেভাবে দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছে, তাতে এবার সত্যি হয়তো বাংলায় জেলের অভাব হয়ে পড়বে। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে ছিলেন এলাকায় খুবই পরিচিত। আবার তার বিরুদ্ধে অভিযোগও প্রচুর। শনিবার সকালে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-র বিরুদ্ধে। একাধিক জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেও নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। ২০২৪ সালের উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন সনৎ দে।
তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। রাজ্যে পালাবদলের পরই জনরোষের মুখে পড়েন তিনি। গত জুন মাসে নৈহাটিতে পার্টি অফিসে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দেওয়া হয় চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নৈহাটি জুড়ে সনৎ দে কার্যত সন্ত্রাস চালাতেন। ভোটের ফল প্রকাশের আগেও তিনি হুমকি দিয়েছিলেন। কিছুদিন আগে পুলিশ সনৎ দে-র বাড়ি ও ওষুধের দোকানে তল্লাশি চালায়, কিন্তু সেই সময় তাঁর হদিস পাওয়া যায়নি। আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দত্তপুকুরে অভিযান চালিয়ে সনৎ দে-কে গ্রেফতার করে।