news-details
রাজ্য

ছেলের হাতে মা খুন! নন্দকুমারের খঞ্চি গ্রামে তীব্র চাঞ্চল্য

ছেলের হাতে মায়ের নৃশংস মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খঞ্চি গ্রামে। মঙ্গলবার আনুমানিক দুপুর ২ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা হাজরা। অভিযুক্ত ছেলে শঙ্কর হাজরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খঞ্চি গ্রামের বাসিন্দা শঙ্কর হাজরা দিনের বেশির ভাগ সময়ই মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় থাকত। নেশার ঘোরে প্রায় প্রতিদিনই বৃদ্ধা মা সন্ধ্যা দেবীকে মারধর করত সে। প্রতিবেশীরা বহুবার এই নিয়ে প্রতিবাদ করেছেন। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেওয়ার কথা বললেও, অন্ধ পুত্রস্নেহের কারণে তা বারবার এড়িয়ে গিয়েছিলেন সন্ধ্যা দেবী। নিজের ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে যে শেষ পর্যন্ত তাঁর এই পরিণতি হবে, তা ভাবতেও পারেননি কেউ।
মঙ্গলবার দুপুরে আচমকাই শঙ্কর ও তার মায়ের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ,তারপরেই ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা ছুটে এলে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন।এবং তার পাশেই অভিযুক্তকে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর পরিবারের লোক ও গ্রামবাসীরা অভিযুক্ত শঙ্কর হাজরাকে আটকে রেখে পুলিশে খবর দেন। নন্দকুমার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।

You can share this post!